টিভি মোড়ানো যায়!
দশাসই আকৃতির টিভিকে তাড়িয়েছে পাতলা আকৃতির এলইডি বা এলসিডি টিভি। তবে এই টিভিও কোনো স্থানে রাখতে হয় অথবা দেয়ালে ঝোলাতে হয়। এবার এমন টিভির দিনও শেষ হতে চলেছে।
কারণ এলজি এবার এমন টিভির কথা জানিয়েছে, যা সহজেই মুড়িয়ে রাখা যাবে। চাইলে হাতেই বয়ে কোনো স্থানে নেওয়া যাবে।
বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই পাতলা ও মোড়ানো যায় এমন ডিসপ্লে নিয়ে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। উন্নতমানের ছবি দেখাবে (এইচডি) এমন ডিসপ্লে তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে তারা। পরীক্ষামূলক এই ডিসপ্লের নাম দেওয়া হয়েছে ওরগানিক লাইট ইমিটিং ডায়োড বা ওএলইডি। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সিইএস-২০১৬ শীর্ষক প্রযুক্তি মেলায় পরীক্ষামূলক এমন একটি ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে।
লাসভেগাসের মেলায় একটি ১৮ ইঞ্চি পাতলা ডিসপ্লে প্রদর্শন করে এলজি। এইচডি এই ডিসপ্লেতে নিখুঁত ছবি প্রদর্শন করা যায়। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৫৫ ইঞ্চি ডিসপ্লে তৈরির গবেষণা করছে তারা। আর ওই ডিসপ্লেটি হবে ফোরকে, যা এইচডির চেয়ে চারগুণ নিখুঁত ছবি প্রদর্শন করবে।
মোড়ানো সম্ভব ডিসপ্লে কীভাবে কাজ করে এ সম্পর্কে এলজি জানিয়েছে, প্রচলিত এলইডি ডিসপ্লেতে একটি ব্যাক প্যানেল থাকে যেখান থেকে আলো প্রদর্শন হয়। তবে ওএলডিতে পেছন থেকে আলো ফেলার কোনো প্রয়োজন নেই, তাই লাগে না কোনো ব্যাক প্যানেল। যে কারণে একে বাঁকানো যায়। তাই এটি দিয়ে তৈরি টিভিও একইভাবে বাঁকানো যাবে।
ওএলইডির ব্যবহার সম্পর্কে এলজি জানিয়েছে, দোকানে বাঁকানো ডিসপ্লে হিসেবে এটি ব্যবহার করা যায়। টিভি চাইলেও এ জন্য স্থান ছেড়ে দিতে রাজি নয় এমন ব্যক্তিদের জন্যও একটি সমাধান হতে পারে এই ওএলইডি।

অনলাইন ডেস্ক