‘আইওএস ১০’ উন্মুক্ত করল অ্যাপল

বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১০ উন্মুক্ত করেছে। অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) তে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হয়।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও অন্যান্য নির্বাহীরা অ্যাপলের বিভিন্ন নতুন আপডেট ডেভেলপারদের সামনে তুলে ধরেন।
এ বছরের শেষ নাগাদ ব্যবহারকারীদের হাতে পৌঁছাবে নতুন এই অপারেটিং সিস্টেমটি। তবে ডেভলপার সম্মেলনে অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ প্রদর্শন করেছে অ্যাপল। এ খবর জানিয়েছে ৯টু৫ ম্যাক ডটকম।
আইওএস ১০ অপারেটিং সিস্টেমটি চলবে আইপ্যাড ফোর্থ জেনারেশন, আইপ্যাড এয়ার, আইপ্যাড এয়ার ২, আইপ্যাড প্রো, আইপ্যাড মিনি ২, আইপ্যাড মিনি ৩, আইপ্যাড মিনি ৪, আইপড টাচ সিক্সথ জেনারেশন, আইফোন ৫, আইফোন ৫সি, আইফোন ৫এস, আইফোন এসই, আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস ডিভাইসগুলোতে।
আইওএস ১০ পাশাপাশি ডেভেলপার সম্মেলনে আরো উন্মুক্ত করা হয় এক্সকোড ৮। আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভির জন্য অল-ইন-ওয়ান ডেভেলপমেন্ট স্যুইট হিসেবে কাজ করবে এটি। সেই সঙ্গে অ্যাপলের সব পণ্যের স্টোরেজের জন্য নতুন একটি ফাইল সিস্টেম উন্মুক্ত করা হয়।
অ্যাপল ফাইল সিস্টেমের (এপিএফএস) মাধ্যমে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যাপল ওয়াচ থেকে ম্যাক প্রো অ্যাপলের সব পণ্যের জন্যই তৈরি করা হয়েছে এই স্টোরেজ সিস্টেমটি।
এখন থেকে অ্যাপলের ভয়েস-বেজড ভার্চুয়াল অ্যাসিসটেন্ট সিরি ব্যবহার করা যাবে ম্যাকে। এ ছাড়া ম্যাকে যোগ করা হয়েছে অ্যাপল পে।

ফিচার ডেস্ক