ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ
বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং স্থানীয় নেতৃত্বের বিকাশে নতুন অধ্যায়ের সূচনা করেছে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। প্রতিষ্ঠানটির নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ।
আজ মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ, শেয়ার্ড ডিজিটাল অবকাঠামোর সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে ইডটকোর অঙ্গীকার আরও শক্তিশালী হবে।
টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবা খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ এর আগে প্রায় ১৭ বছর এরিকসনের বিভিন্ন জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি নেটওয়ার্ক রূপান্তর ও ডিজিটাল আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দেন। সর্বশেষ তিনি ইডটকো বাংলাদেশের ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিচালনাগত উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি সদ্য বিদায়ী কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাকের স্থলাভিষিক্ত হচ্ছেন। সুনীল আইজ্যাকের নেতৃত্বে ইডটকো বাংলাদেশ সারা দেশে অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ারের মাধ্যমে ২৮ হাজারের বেশি টেন্যান্সিকে সেবা দিচ্ছে।
ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও) আদলান তাজুদিন বলেন, বাংলাদেশ ইডটকো গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদের অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব ইডটকো বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। অবকাঠামো শেয়ারিং, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ইডটকো বাংলাদেশ ইতোমধ্যে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এই ভিত্তিকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করা, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সংযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখাই হবে তার মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটি জানায়, এ নিয়োগের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো শেয়ারিং এবং স্থানীয় নেতৃত্বের বিকাশের পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি আরও জোরদার হলো।

নিজস্ব প্রতিবেদক