কান লায়ন্স ২০২৬: কনটেন্ট তৈরিতে এআইয়ের নতুন সমাধান নিয়ে এলো টিকটক
কনটেন্ট নির্মাণ ও বিজ্ঞাপন ক্যাম্পেইনকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করতে নতুন এজেন্টিক এআই সমাধান ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে টিকটক। সম্প্রতি অনুষ্ঠিত কান লায়ন্স ২০২৬ উৎসবে নতুন এই প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় সংস্কৃতি ও ব্যবহারকারীদের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ আরও শক্তিশালী করতে এবং কনটেন্ট তৈরির প্রক্রিয়া সহজ করতে এই এআইভিত্তিক সমাধান তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও সৃজনশীল ও দ্রুতগতিতে নিজেদের ধারণা বাস্তবায়ন করতে পারবেন।
বর্তমান ডিজিটাল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অধিক পরিমাণ কনটেন্ট তৈরি এবং পরিবর্তনশীল ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই সিম্ফনি এজেন্ট তৈরি করা হয়েছে। এতে এআই লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট মডারেশন ফিল্টারের মতো নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত রয়েছে।
টিকটক জানিয়েছে, তাদের বিদ্যমান বিভিন্ন ক্রিয়েটিভ সমাধানের সঙ্গে সিম্ফনি এজেন্ট যুক্ত থাকায় একটি সাধারণ ধারণা থেকেই বিজ্ঞাপনদাতারা দ্রুত কনটেন্ট তৈরি করতে পারবেন। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও প্ল্যাটফর্মের মাধ্যমে এআইচালিত চ্যাট ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই টিকটকের জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করা সম্ভব হবে।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্লোবাল বিজনেস সলিউশনসের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল বলেন, সৃজনশীলতাই টিকটকের মূল ভিত্তি। এজেন্টিক এআই আইডিয়া তৈরি থেকে বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে। সিম্ফনি এজেন্টের মাধ্যমে ব্র্যান্ডগুলো দর্শকদের আগ্রহ বিশ্লেষণ, সৃজনশীল কনটেন্ট তৈরি এবং সেই কনটেন্টের ব্যবসায়িক প্রভাব আরও দ্রুত মূল্যায়ন করতে পারবে।
তিনি আরও বলেন, নতুন টুলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি আরও ভালো ফলাফল পাওয়া যায়। এর ফলে টিকটকে ক্যাম্পেইন তৈরি, উপযুক্ত ক্রিয়েটর নির্বাচন এবং কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়ার কাজ আরও সহজ হবে।
প্রতিষ্ঠানটির মতে, ব্যবহারকারীরা এখন বাস্তবসম্মত, প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্ট বেশি পছন্দ করেন। সেই চাহিদা পূরণে এআইচালিত ক্রিয়েটিভ টুলগুলো ব্র্যান্ড, ক্রিয়েটর ও কমিউনিটির মধ্যে সংযোগ তৈরির নতুন সুযোগ সৃষ্টি করবে।

নিজস্ব প্রতিবেদক