এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে স্বচ্ছতা আনছে গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপন সম্পর্কে ব্যবহারকারীদের আরও স্পষ্ট তথ্য জানাতে নতুন স্বচ্ছতা সুবিধা চালু করছে গুগল। নতুন এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোনো বিজ্ঞাপন তৈরিতে জেনারেটিভ এআই ব্যবহার করা হয়েছে কি না।
গুগল জানিয়েছে, তাদের ‘মাই অ্যাড সেন্টার’-এ নতুন ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ নামে একটি বিভাগ যুক্ত করা হয়েছে। এটি গুগল সার্চ, ইউটিউব এবং ডিসকভার প্ল্যাটফর্মে প্রদর্শিত বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশ্বব্যাপী চালু করা হবে।
গুগলের নিজস্ব জেনারেটিভ এআই টুল ব্যবহার করে কোনো বিজ্ঞাপন তৈরি বা সম্পাদনা করা হলে, সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে ‘মাই অ্যাড সেন্টার’-এ প্রদর্শিত হবে। আর অন্য কোনো প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহার করা হলে, বিজ্ঞাপনদাতারা চাইলে সেটিও উল্লেখ করতে পারবেন।
তবে গুগলের ভাষ্য অনুযায়ী, তৃতীয় পক্ষের এআই টুল ব্যবহারের তথ্য দেওয়া আপাতত বাধ্যতামূলক নয়; এটি বিজ্ঞাপনদাতার ইচ্ছার ওপর নির্ভর করবে। যদিও কিছু দেশে স্থানীয় আইন ও নীতিমালার কারণে এআই ব্যবহারের বিষয়টি বিজ্ঞাপনে আলাদা লেবেল হিসেবে প্রদর্শিত হতে পারে।
গুগলের মতে, এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত ছবি, ভিডিও কিংবা অন্যান্য বিজ্ঞাপন উপাদান সম্পর্কে ব্যবহারকারীদের জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে গ্রাহকরা যে পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন দেখছেন, সেটি সম্পর্কে আরও সঠিক ধারণা পাবেন।
সূত্র: এনগ্যাজেট

নিজস্ব প্রতিবেদক