দেশে বাড়ছে প্রিমিয়াম ট্যাবলেটের চাহিদা, বাজারে নেতৃত্বে স্যামসাং ও অ্যাপল
বাংলাদেশের ট্যাবলেট বাজারে প্রিমিয়াম ডিভাইসের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। অনলাইন শিক্ষা, হাইব্রিড কর্মসংস্কৃতি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং বিনোদনের জন্য ট্যাবলেটের ব্যবহার বেড়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এই প্রবণতার সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমানে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও অ্যাপলের আইপ্যাড সিরিজ।
বদলেছে ক্রেতাদের চাহিদা
প্রযুক্তি খাতসংশ্লিষ্টদের মতে, ট্যাবলেট কেনার ক্ষেত্রে গ্রাহকদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে যেখানে প্রসেসর, র্যাম ও স্টোরেজের মতো হার্ডওয়্যার স্পেসিফিকেশনই ছিল প্রধান বিবেচ্য, এখন সফটওয়্যার আপডেট, দীর্ঘমেয়াদি পারফরম্যান্স, ডিসপ্লের মান, ব্যাটারি ব্যাকআপ, নিরাপত্তা এবং ইকোসিস্টেমের সুবিধাও সমান গুরুত্ব পাচ্ছে।
বিক্রিতে ইতিবাচক ধারা
স্টার টেক লিমিটেডের ডেপুটি ম্যানেজার (ই-কমার্স, ওয়েব অ্যান্ড মিডিয়া) মো. ইউসুফ আলী সোহাগ এনটিভি অনলাইনকে বলেন, গত কয়েক বছরে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও অ্যাপল আইপ্যাডের বিক্রি ধারাবাহিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে।
তিনি বলেন, বিক্রির তথ্য ও গ্রাহকদের অনুসন্ধান বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষার্থী, পেশাজীবী, ফ্রিল্যান্সার, কনটেন্ট নির্মাতা এবং পরিবারগুলোর মধ্যে প্রিমিয়াম ট্যাবলেটের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তার ভাষ্য, বর্তমানে অনেকেই ট্যাবলেটকে শুধু বিনোদনের ডিভাইস হিসেবে দেখছেন না। অনলাইন ক্লাস, অফিসের কাজ, নোট নেওয়া, গ্রাফিক ডিজাইন, ভিডিও কনফারেন্সিং এবং কনটেন্ট তৈরির মতো নানা কাজে এর ব্যবহার বাড়ছে। ফলে দীর্ঘমেয়াদে ভালো পারফরম্যান্স দিতে সক্ষম ডিভাইসের চাহিদাও বাড়ছে।
কেন জনপ্রিয় স্যামসাং ও অ্যাপল
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট, স্থিতিশীল পারফরম্যান্স এবং শক্তিশালী ইকোসিস্টেমের কারণে অ্যাপলের আইপ্যাড ব্যবহারকারীদের আস্থা ধরে রেখেছে। অন্যদিকে উন্নত ডিসপ্লে, মাল্টিটাস্কিং সুবিধা এবং এস পেন সমর্থনের কারণে স্যামসাং গ্যালাক্সি ট্যাব শিক্ষা ও পেশাগত উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা অর্জন করেছে।
বাস্তব ব্যবহারেই গুরুত্ব
স্টার টেকের তথ্য অনুযায়ী, ট্যাবলেট কেনার সময় ক্রেতারা ডিসপ্লের মান, প্রসেসরের সক্ষমতা, ব্যাটারি ব্যাকআপ, স্টোরেজ এবং স্টাইলাস সমর্থনের মতো বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি প্রথমবারের মতো ট্যাবলেট কিনছেন এমন অনেক ব্যবহারকারী এটিকে ল্যাপটপের বিকল্প বা সহায়ক ডিভাইস হিসেবেও বিবেচনা করছেন।
ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব
বিশেষজ্ঞদের মতে, এখন ক্রেতারা বিভিন্ন ট্যাবলেটের রিভিউ, সফটওয়্যার আপডেট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সম্পর্কে আগে থেকেই তথ্য সংগ্রহ করছেন। একই সঙ্গে অফিসিয়াল ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা এবং আসল পণ্যের নিশ্চয়তাও ক্রয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্টার টেক জানিয়েছে, তারা অফিসিয়াল স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও অ্যাপল আইপ্যাডের বিভিন্ন মডেল সরবরাহ করছে, যাতে গ্রাহকরা নিজেদের বাজেট ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ডিভাইস বেছে নিতে পারেন।
কোন মডেলের চাহিদা বেশি?
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ লাইট এবং অ্যাপল আইপ্যাড (১১ জেনারেশন) দেশের বাজারে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ট্যাবলেটগুলোর মধ্যে রয়েছে। পারফরম্যান্স, উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতার সমন্বয়ের কারণে মডেল দুটি ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।
বাজার আরও সম্প্রসারণের প্রত্যাশা
বাজার বিশ্লেষকদের ধারণা, শিক্ষা, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতেও দেশের ট্যাবলেট বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। উদ্ভাবন, সফটওয়্যার সমর্থন এবং শক্তিশালী ইকোসিস্টেমের কারণে স্যামসাং ও অ্যাপল বাজারে নেতৃত্ব ধরে রাখবে বলেও তাদের প্রত্যাশা। পাশাপাশি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা, অফিসিয়াল ওয়ারেন্টি এবং আসল পণ্যের নিশ্চয়তা দিতে সক্ষম প্রতিষ্ঠানগুলোর প্রতিই ক্রেতাদের আস্থা আরও বাড়বে।

নিজস্ব প্রতিবেদক