আইএসপিদের জন্য এআইভিত্তিক ইআরপি সফটওয়্যার আনল প্লেক্সাস ক্লাউড লিমিটেড
দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে প্লেক্সাস ক্লাউড লিমিটেড।
গতকাল সোমবার রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও আইএসপি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনতেই এআই-ভিত্তিক এই ইআরপি সমাধান তৈরি করা হয়েছে। তাঁর মতে, নতুন সফটওয়্যারটি আইএসপি খাতের কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবা ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সমাধান আইএসপি প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রমকে আরও গতিশীল ও নির্ভুল করবে, ফলে সেবার মান উন্নয়নের পাশাপাশি পরিচালন ব্যয়ও কমানো সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্লেক্সাস ক্লাউড লিমিটেড জানিয়েছে, নতুন এআইভিত্তিক ইআরপি সফটওয়্যারটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বিটিআরসি (বিটিআরসি) কমপ্লায়েন্স এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এক প্ল্যাটফর্মে পরিচালনার সুবিধা দেবে। এর মাধ্যমে আইএসপিগুলো আরও উন্নত গ্রাহকসেবা প্রদান, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত এবং দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা প্রদানে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্মটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও দক্ষ, স্বয়ংক্রিয় ও গ্রাহককেন্দ্রিক করে তুলবে।
গ্রাহকসেবার মান আরও উন্নত ও সহজ করতে এই প্ল্যাটফর্মের সঙ্গে রয়েছে ইন্টারনেট ইউজার অ্যাপ, যার মাধ্যমে গ্রাহকরা তাদের সংযোগের তথ্য,বিল পরিশোধ, সেবা-সংক্রান্ত আপডেট এবং প্রয়োজনীয় সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবেন। এছাড়াও আইএসপিগুলোর ট্রান্সমিশন কার্যক্রম আরও গতিশীল, নির্ভুল ও কার্যকর করতে রয়েছে ট্রান্সমিশন অ্যাপ, যা নেটওয়ার্ক পরিচালনা, মনিটরিং এবং অপারেশনাল কার্যক্রমকে আরও দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

নিজস্ব প্রতিবেদক