মহাকাশ বিজ্ঞান শেখায় শিশুদের উৎসাহ দিতে ব্যতিক্রমী আয়োজন
শিশুদের মধ্যে মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ, কৌতূহল ও সৃজনশীল চিন্তা বিকাশে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ আয়োজন করেছে স্পেস ইনোভেশন ক্যাম্প। ৬ থেকে ১৪ বছর বয়সী মহাকাশপ্রেমী শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে তারা মহাকাশবিষয়ক বিভিন্ন ধারণা, গবেষণা, গল্প ও উপস্থাপনা তুলে ধরে।
অনুষ্ঠানে প্রতিটি শিশু প্রায় পাঁচ মিনিটের উপস্থাপনায় সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেট প্রযুক্তি, মহাকাশচারীদের জীবন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস), স্যাটেলাইট, ব্ল্যাক হোল, ধূমকেতু, গ্রহাণু, মহাকাশ অনুসন্ধানের ইতিহাস এবং ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। অনেকেই ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযান এবং পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়েও নিজস্ব কল্পনা ও গবেষণাভিত্তিক উপস্থাপনা করে।
উপস্থাপনাকে আরও আকর্ষণীয় করতে শিশুরা ছবি, পোস্টার, মডেল ও বিভিন্ন ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার করে। প্রতিটি উপস্থাপনার শেষে দর্শক, অভিভাবক ও অতিথিদের প্রশ্নের উত্তর দিয়ে তারা নিজেদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়।
উপস্থাপনার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিশুরা মহাকাশবিষয়ক নানা প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। একই সঙ্গে একে অপরের উপস্থাপনা থেকে নতুন ধারণা অর্জন এবং সমমনা বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হয়।
রাইজ আপ ল্যাবসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও মহাকাশচারী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্পেস ইনোভেশন ক্যাম্প জানায়, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শুধু একটি উপস্থাপনা অনুষ্ঠান নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস, গবেষণামনস্কতা, সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাশক্তি বিকাশের একটি উদ্যোগ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক