শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
ব্যবহারকারীদের জন্য নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। দীর্ঘস্থায়ী ব্যাটারি, ফাস্ট চার্জিং, বড় ডিসপ্লে ও টেকসই নকশাকে গুরুত্ব দিয়ে ডিভাইসটি বাজারে আনা হয়েছে।
রেডমি ১৭-এ রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং, যা ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।
স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেকে স্ক্র্যাচ ও পড়ে যাওয়ার ক্ষতি থেকে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। ফোনটির প্রিমিয়াম নকশায় রয়েছে ডায়নামিক আরজিবি লাইট।
পারফরম্যান্সের জন্য রেডমি ১৭-এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিদিনের ব্যবহার, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম হবে ডিভাইসটি।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা। এ ছাড়া ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতেই রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, গরিলা গ্লাস সুরক্ষা, দ্রুত চার্জিং, শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয় রয়েছে এতে।
রেডমি ১৭ পাওয়া যাচ্ছে ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক-এই তিন রঙে। ফোনটির দুটি স্টোরেজ সংস্করণ রয়েছে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। উভয় দামের ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট প্রযোজ্য।
দেশজুড়ে শাওমির অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে রেডমি ১৭ পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক