গোপনে ভিডিও ধারণ ঠেকাতে এআই চশমায় নতুন নিরাপত্তা ব্যবস্থা মেটার
এআই স্মার্ট চশমার মাধ্যমে গোপনে ভিডিও ধারণ ঠেকাতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করছে মেটা। চশমার রেকর্ডিং নির্দেশক আলো ঢেকে দিয়েও ভিডিও ধারণের সুযোগ থাকায় তৈরি হওয়া নিরাপত্তা ত্রুটি ঠিক করতে সফটওয়্যার হালনাগাদ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ইয়াহু টেকের বরাতে জানা যায়, মেটার অগমেন্টেড রিয়েলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল এক পোস্টে জানান, নতুন হালনাগাদের পর ভিডিও ধারণের সময় চশমার সামনের নির্দেশক আলো ঢেকে দিলে ক্যামেরা কাজ করা বন্ধ করে দেবে।
মেটার এআই চশমায় ভিডিও ধারণ শুরু হলে ফ্রেমের সামনের একটি এলইডি আলো জ্বলে ওঠে। আশপাশের মানুষকে ভিডিও ধারণের বিষয়টি জানানোর জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে। তবে কিছু ব্যবহারকারী ভিডিও ধারণ শুরু করার পর ওই আলো ঢেকে দিয়ে গোপনে রেকর্ড করার উপায় বের করেছিলেন।
হিমেল জানান, এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে হালনাগাদ দেওয়া হবে। এর মাধ্যমে চশমার ক্যামেরায় ছবি বা ভিডিও ধারণের সময় আশপাশের মানুষ যাতে তা নির্ভরযোগ্যভাবে বুঝতে পারেন, সেটি নিশ্চিত করা হবে।
তবে নতুন উদ্যোগের পরও মেটার এআই চশমাকে ঘিরে গোপন নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চশমাটি ব্যবহার করে অপরিচিত ব্যক্তির অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগও রয়েছে।
স্মার্ট চশমার বাজারে মেটা বর্তমানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি। গত জুনে তুলনামূলক কম দামের তিনটি নতুন নকশার স্মার্ট চশমাও উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
এদিকে মেটার চশমা নিয়ে তৈরি হওয়া গোপনীয়তার উদ্বেগ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও প্রভাব ফেলছে। অ্যাপল ২০২৭ সালের বিশ্বব্যাপী ডেভেলপার সম্মেলনে স্মার্ট চশমা উন্মোচন করতে পারে বলে জানা গেলেও, গোপনীয়তা-সংক্রান্ত ফিচার আরও উন্নত করতে প্রতিষ্ঠানটি এর উন্মোচন পিছিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামও জনসমক্ষে অপরিচিত ব্যক্তিকে হয়রানি করার উদ্দেশ্যে ধারণ করা স্মার্ট চশমার ভিডিও সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে এ ধরনের ভিডিও পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে উদ্যোগটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক