ক্যাননের চার পেশাদার ক্যামেরা উন্মোচন, যুক্ত হলো দুই আন্তর্জাতিক ব্র্যান্ডের সরঞ্জাম
বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য ক্যাননের চারটি নতুন ক্যামেরা উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ক্যামেরার পাশাপাশি পেশাদার ট্রাইপড ব্র্যান্ড টেরিস এবং আলোকসজ্জা সরঞ্জাম নির্মাতা অ্যাপাচারের পণ্যও প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইমেজারি ইন মোশন-পাওয়ার্ড বাই ক্যানন অ্যান্ড স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড’ শীর্ষক অনুষ্ঠানে পণ্যগুলো উন্মোচন করা হয়।
উন্মোচিত চারটি ক্যামেরা হলো ক্যানন ইওএস সি৫০, এক্সএ৬৫, এক্সএফ৬০৫ ও এন৩০০। টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ এবং পেশাদার ভিডিও ধারণের বিভিন্ন চাহিদা পূরণে এসব ক্যামেরা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, ক্যানন হেড অব বিজনেস নূর মো. শাহরিয়ার এবং ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা এবং ভিডিও প্রোডাকশনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা এবং প্যান-টিল্ট-জুম (পিটিজেড) ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, দেশের সম্প্রচার ও সংবাদ শিল্পকে আরও আধুনিক এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে পেশাদার প্রযুক্তিপণ্য ও মানসম্মত সেবা নিশ্চিতের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রযুক্তি খাতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার সম্প্রচার খাতের উন্নয়নে বিশেষভাবে কাজ করছে তারা।
জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশের সম্প্রচার শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতে কাজের গুণগত মান আরও উন্নত করার সুযোগও রয়েছে। সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান ধারণ ও সম্প্রচারের সঙ্গে যুক্ত পেশাজীবীদের দক্ষতার পাশাপাশি প্রয়োজন উন্নত প্রযুক্তির সরঞ্জাম।
তিনি আরও জানান, জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাননের পেশাদার ক্যামেরা ও সেবা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ও সেবা দেওয়ার মাধ্যমে গণমাধ্যমসংশ্লিষ্টদের ব্যয় কমানোর পাশাপাশি কাজের দক্ষতা ও মান বাড়ানোই তাদের লক্ষ্য। ক্যাননসহ অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে দেশের সম্প্রচার খাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ক্যানন হেড অব বিজনেস নূর মো. শাহরিয়ার বলেন, গণমাধ্যমকর্মীরা দৈনন্দিন জীবনের গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনের গুরুত্বপূর্ণ কারিগর। তাঁরা তাৎক্ষণিকভাবে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সংস্কৃতির সঙ্গে বিশ্বকে যুক্ত করেন। প্রতিটি খবরের পেছনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ক্যাননের পাশাপাশি পেশাদার ক্যামেরা সহায়ক সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং অ্যাপাচারের লাইটিং পণ্য প্রদর্শন করা হয়। এসব সরঞ্জাম টেলিভিশন স্টুডিও, চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র, তথ্যচিত্র ও বিভিন্ন ধরনের ভিডিও প্রোডাকশনে কাজ করা পেশাজীবীদের জন্য উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা পণ্যগুলো সরাসরি দেখার এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ পান।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা ও প্রযুক্তিগত সমাধান নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশের বাজারে পেশাদার প্রযুক্তিপণ্য ও সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস দেশের সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণ খাতের পেশাজীবীদের কাছে আধুনিক ইমেজিং প্রযুক্তি তুলে ধরা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক