ইজতেমার আখেরি মোনাজাত : রোববার যেসব সড়কে যান চলাচল বন্ধ
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব সম্মেলন ইজতেমার প্রথম পর্ব।
আগামীকাল রোববার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি মাওলানা কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
বিগত বছরগুলোতে ইজতেমার বয়ান ও আখেরি মোনাজাত হিন্দি ও আরবি ভাষায় করা হলেও এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান আরবির পাশাপাশি বাংলায় দেওয়া হবে। আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান পেশ করবেন মাওলানা জিয়াউল হাসান।
মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়কে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. মনজুর রহমান।
এ ছাড়া ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সব আন্তনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।
আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বে।
১৯৬৭ সাল থেকে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। ইজতেমা মাঠের চাপ কমাতে এবং নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০১১ সাল থেকে দুই ধাপে ইজতেমার আয়োজন হয়ে আসছে।

অনলাইন ডেস্ক