বালুভর্তি ট্রাক থেকে দেড় কোটি টাকার জিরা ও চশমা জব্দ
হবিগঞ্জে বিজিবির এক বিশেষ অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় জিরা ও চশমা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে নোয়াহাটি নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেয় বিজিবি। প্রাথমিক তল্লাশিতে ট্রাকটিতে বালু দেখা গেলেও, নিবিড় তল্লাশিতে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বস্তাভর্তি ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চশমা উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে আনা এই পণ্যগুলো বর্তমানে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে ও অবৈধ পথে পণ্য আনা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ