ইজতেমার চাপ টঙ্গী থেকে চৌরাস্তা, ১৪ কিলোমিটার যানজট
বিশ্ব ইজতেমার জন্য চাপ বাড়ায় টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৪ কিলোমিটার যানজটে হেঁটেই গন্তব্যে ছুটছে যাত্রীরা। ছবি : এনটিভি
টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী ও গাড়িচালকরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।
অনেকেই দীর্ঘ সময় গাড়িতে বসে থেকে অবশেষে হেঁটেই গন্তব্যে চলে যাচ্ছে।
কর্তব্যরত হাইওয়ে ট্রাফিক পুলিশ জানায়, আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এজন্য আজ সকাল থেকেই মুসল্লিরা বিভিন্ন পরিবহনে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। হঠাৎ করেই রাস্তায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে ট্রাফিক বিভাগ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
বিকেলের মধ্যে এই অসহনীয় যানজট কমে আসবে বলে জানান দায়িত্বরত ট্রাফিকরা।

নাসির আহমেদ, গাজীপুর