কর্মীদের জন্য চা বানালেন আতিকুল
রামপুরা- আফতাবনগর এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন ঢাকা উত্তর সিটিতে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের আতিকুল ইসলাম। হঠাৎই চা খাওয়ার ইচ্ছে হলো তাঁর। ছোটখাটো টং দোকানে গেলেন। তবে তিনি বসলেন দোকানদারের আসনে। নিজ হাতে চা বানালেন কর্মীদের জন্য।
ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের এ কাণ্ড থেকে অবাক হয়ে যান উপস্থিত সবাই। বড় ডেকচি থেকে নিজেই চামচ দিয়ে তুলেছেন মালাই। গ্লাসে ঢেলেছেন। কেতলি থেকে লিকার ঢেলেছেন গ্লাসে। নিজ হাতেই তা তুলে দিয়েছেন। চা দেওয়ার সময় তিনি নিজেও বলছেন, ‘কে কে খাবেন চা? মালাই চা।
আজ সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। প্রচারের একপর্যায়ে আশপাশের নেতাকর্মীরা বলে ওঠেন, ‘ চা খাব ভাই।’ তখন আতিকুল ইসলাম নিজেই ওই দোকানে গিয়ে দোকানদারের আসনে বসে যান। আর নিজেই চা বানাতে থাকেন।
মোট আট কাপ চা বানিয়েছেন আতিকুল ইসলাম। আর তা যারাই পান করেছেন তারাই প্রশংসা করেছেন। ওই ঘটনা যখন ঘটে তখন দোকানের সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। সবাই তখন আতিকুলের প্রশংসা করতে থাকেন। একপর্যায়ে সবাই হাততালি দেন।
দোকানদার ইয়াসিন বলেন, উনার মতো সম্মানিত মানুষ আমার দোকানে চা বানিয়েছেন, এটি আমার জন্য গর্বের।’

নিজস্ব প্রতিবেদক