৬০ দিনের কর্মসূচি ঘোষণা করলেন নাসিকের নতুন প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাখাওয়াত হোসেন খাঁন নগর ভবনে প্রবেশ করেন। এরপর নির্ধারিত কক্ষে দাপ্তরিক কাজ শুরু করেন। দায়িত্ব গ্রহণের পরপরই নগরের সমস্যা নিরসনে তিনি ‘৬০ দিনের কর্মসূচি’ ঘোষণা করেছেন।
সাখাওয়াত হোসেন খাঁন তার বক্তব্যে এই দায়িত্বকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেন, নাগরিকদের সেবায় নিয়োজিত এই পদে সফল হওয়া ছাড়া তাঁর সামনে অন্য কোনো বিকল্প নেই। নগরের রাস্তাঘাট সংস্কার, তীব্র যানজট নিরসন, ফুটপাত হকারমুক্ত করা এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার মতো জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। এই লক্ষ্য অর্জনে তিনি রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট তৎকালীন মেয়রকে অপসারণ করে প্রথমে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রশাসনিক কর্মকর্তাদের অধীনে থাকার পর বর্তমান নির্বাচিত সরকারের সিদ্ধান্তে গত ২২ ফেব্রুয়ারি দেশের ৬টি সিটি করপোরেশনে নতুন রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সাখাওয়াত হোসেন খাঁনকে নাসিকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আজ সকালে দায়িত্ব গ্রহণের সময় তাঁর সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনের প্রথম দিনেই প্রশাসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত দুই মাসের মধ্যে নগরের দৃশ্যমান পরিবর্তন আনাই তাঁর প্রধান লক্ষ্য।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ