কুমিল্লায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘী এলাকায় এনা পরিবহনের একটি বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ দুই জন নিহত ও দশজন আহত হয়েছেন। আজ শনিবার ভোররাত ৪টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক আবদুল কাদের ও এনা পরিবহনের সুপারভাইজার মো. রাসেল।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক একেএম শরফুদ্দিন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান জগন্নাথদিঘী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চার লেনের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পেছন থেকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও বাসের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হন। আহত হয় অন্তত দশজন বাসযাত্রী।
খবর পেয়ে হাইওয়ে ও চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা