কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় মিলেছে
কুষ্টিয়া শহরতলীর বাইপাস সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আশরাফুল ইসলাম (৪৫), তার স্ত্রী শিরিন খাতুন (৩৮), একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৫০) ও কমেলা খাতুন (৪৫) এবং তাদের মেয়ের জামাই সিএনজি চালক রাজশাহীর বাঘা উপজেলার মো. জাকারিয়া (৩৫)।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাজশাহীর বাঘা এলাকায় জামাই জাকারিয়ার বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে কুষ্টিয়ার খাজানগরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথে বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ আরও তিনজনের মরদেহ মর্গে নিয়ে এসেছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওয়াবেদ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া