নিহত ইরানি শিক্ষার্থীদের বাবা-মায়ের জন্য চীনের সহায়তার ঘোষণা
ইরানে সাম্প্রতিক ভয়াবহ হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে চীন। শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেড ক্রস সোসাইটি অফ চায়না জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার পাঠাবে। খবর আল জাজিরার।
বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিলটি মূলত যুদ্ধে নিহত শিক্ষার্থীদের বাবা-মায়ের সহায়তায় বিশেষভাবে ব্যয় করা হবে।
এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানায়।
এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে বিমান হামলা শুরু করার পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এর ফলে তেহরানে বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য জোরপূর্বক নির্দেশ জারি করা হয়েছে।
ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর সেখানে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে, সৌদি আরবের রিয়াদসহ দেশের মধ্য ও পূর্বাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করা না হলে হামলা চলতেই থাকবে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত প্রায় ৩২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক