কুমিল্লা সিটি ক্লাবে অভিযান, মাদক উদ্ধার, আটক ১
কুমিল্লা নগরীর সিটি ক্লাবে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে। এ সময় এক স্টাফকে আটক এবং ক্লাবটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কুমিল্লা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিটি ক্লাবে মাদকদ্রব্য মজুদ রয়েছে। এরপর আমরা রাত সাড়ে ১০টায় অভিযান চালাই। ক্লাব থেকে মোট ১১ বোতল মদ, ছয় বোতল হুইস্কি, ছয় বোতল জিং, সাত বোতল ব্ল্যাক লেভেল, ৪০ বোতল হ্যানিক্যান জব্দ করা হয়।’
তিনি আরো বলেন, ‘অভিযানের খবরে ক্লাবের ম্যানেজার পালিয়ে যান। অবৈধ মাদক রাখার অপরাধে এ সময় ক্লাবের স্টাফ মিঠুকে আটক করা হয়েছে।’
অভিযানে থাকা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিয়া মো. কেয়াম উদ্দিন বলেন, ‘ক্লাবটিতে মাদক রাখার কোনো পারমিট ছিল না। তবে ক্লাব সদস্যদের পারমিট আছে বলে দাবি করেন কর্তৃপক্ষ। ক্লাব সদস্যদের পারমিট থাকলে তাদের নিজ বাসায় রাখতে পারবে, ক্লাবে নয়। এমন সোশ্যাল একটি ক্লাবে ওপেন মাদকের ব্যবহার অবৈধ।’
অভিযানে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তর বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা করেছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা