ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
হুট করেই প্রচণ্ড গরম। তীব্র গরমে জনজীবন হয়ে উঠছে দুর্বিষহ। এই গরমে ঢাকা-আরিচা মহাসড়কে আরেক ভোগান্তির নাম যানজট। দীর্ঘ প্রায় এক মাস ধরে এ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করছেন বাসযাত্রী, চালক ও স্থানীয়রা।
অভিযোগ উঠেছে, প্রায় এক মাস ধরে প্রতিদিনই ধাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কে কয়েক মাস ধরে চলা উন্নয়নমূলক কাজের জন্য এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান চালক ও স্থানীয়রা। রমজানে এ যানজটের ফলে ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে বলেও জানান তাঁরা।
একই পরিস্থিতি দেখা দেখা গেছে মহাসড়কের নবীনগর ও ধামরাই ঢুকিভিটা এলাকায়।
বাসযাত্রীরা এনটিভি অনলাইনকে জানান, কয়েক মাস ধরে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়নমূলক কাজ চলছে। সেই সঙ্গে মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। চালকেরা যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা-নামা করান। এর ফলে মহাসড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকে।
মহাসড়কে একাধিক ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করলেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না কোনোভাবেই। এতে করে যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়ছেন। অসহনীয় এ যানজটে ভোগান্তি বেশি হচ্ছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কারখানার শ্রমিকদের। তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছে তারা।
অন্যদিকে, যানজট নিরসনে কাজ করা হচ্ছে বলে দাবি করছে ট্রাফিক পুলিশ।

নিজস্ব প্রতিবেদক