ভোটের টানে গাজীপুর ছেড়েছেন শ্রমিকরা, দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
দীর্ঘ দুই দিনের যানজট ও চরম ভোগান্তি কাটিয়ে অবশেষে স্বাভাবিক চেহারায় ফিরেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই দুই মহাসড়কে যানবাহনের গতিশীলতা লক্ষ করা গেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরের প্রায় দুই হাজারের অধিক পোশাক কারখানায় চার দিনের ছুটি ঘোষণা করায় বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরেছেন। ফলে গতকালের তুলনায় যাত্রীদের চাপ অনেকটা কমে এসেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ও রাতে চন্দ্রা, সফিপুর ও ভোগড়া বাইপাস এলাকায় যানবাহনের তীব্র জট ছিল। তবে আজ সকাল থেকে তা আর নেই। পোশাক কারখানার অধিকাংশ শ্রমিকই নিজ নিজ এলাকার ভোটার হওয়ায় ভোট দেওয়ার প্রবল ইচ্ছা থেকেই আগেভাগে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে আজও কিছুসংখ্যক শ্রমজীবী মানুষকে সপরিবারে বাসে ও ট্রেনে করে বাড়ির পথে যেতে দেখা গেছে। যানজটমুক্ত মহাসড়কে তারা স্বস্তিতেই ফিরছেন।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ জানিয়েছে, তাদের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ সদস্যই বর্তমানে নির্বাচনের বিশেষ ডিউটিতে বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়োজিত রয়েছেন। ফলে মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সংখ্যা অনেক কমে গেলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবশিষ্ট সদস্যদের নিয়ে সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিত করা হচ্ছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, আজ বিকেলের পর যানবাহনের চাপ আরও কমবে। ভোট উপলক্ষে জারি করা নিষেধাজ্ঞার কারণে আগামীকাল মহাসড়কগুলো মূলত ফাঁকাই থাকবে।

নাসির আহমেদ, গাজীপুর