পিকনিকের বাস খাদে, মেডিকেল শিক্ষার্থী নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রশ্নী আক্তার নামের এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ শিক্ষার্থী।
গতকাল শনিবার রাতে উপজেলার শহীদনগর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহত রশ্নী সাভারের এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, সাভারের এনাম মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী খাগড়াছড়িতে পিকনিক শেষ করে শনিবার রাতে ঢাকায় ফিরছিলেন। এ সময় শহীদনগর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাঁদের বহনকারী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রশ্নী আক্তার। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন।
দুর্ঘটনাকবলিত বাসসহ অন্য শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক