ফরিদপুরে ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফরিদপুর-ভাটিয়াপাড় সড়কে সরাইল এলাকার গ্রামীণ টাওয়ারের সামনে একটি ট্রাক উল্টে খাদে পড়ে সানোয়ার শেখ (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো চার শ্রমিক আহত হন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার শেখের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ইছাইল গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালমারীর সরাইল এলাকার গ্রামীণ টাওয়ারের সামনে শ্রমিক নিয়ে নেত্রকোনা থেকে বাগেরহাটের মোংলাগামী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের নিচ থেকে সানোয়ার শেখ নামের একজনের লাশ উদ্ধার করে। বাকি আহতদের চিকিৎসা চলছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে শ্রমিক সানোয়ার শেখের লাশ উদ্ধার করে।
নিহতের ভাই ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চেয়েছেন বলে জানান এসআই তাইজুল।

সঞ্জিব দাস, ফরিদপুর