বেড়াতে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২
সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব। র্যাব জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে মেয়েটি ধর্ষণের শিকার হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলেই ওই দুই যুবককে আটক করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার লে. এম মাহমুদুল সাংবাদিকদের এসব তথ্য জানান। আটক হওয়া যুবকেরা হলেন, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আকবর গাজী (৩৮) ও একই উপজেলার জালালপুর গ্রামের হোসেন মোড়ল (১৮)।
র্যাব কমান্ডার জানান, ধর্ষণের শিকার মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী। বেড়ানোর কথা বলে ওই দুই যুবক তাকে সাতক্ষীরা শহরের অদূরে মোজাফফর গার্ডেনে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে আকবর গাজী ধর্ষণ করে, তা ভিডিও করেন। এর পরই ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হোসেন মোড়ল মেয়েটিকে ধর্ষণ করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, অভিযোগ পাওয়া পর ওই দুই যুবককে শহরের পলাশপোল এলাকা থেকে আটক করা হয়েছে। ওই ব্যাপারে মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা