শিশুকে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষকের যাবজ্জীবন
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাত বছরের শিশু ধর্ষণ মামলায় এক মক্তব শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুরে বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হাফেজ সাইফুল ইসলামের বাড়ি ইসলামপুর উপজেলায় ও স্থানীয় মক্তবে শিক্ষকতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, গত ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে নিজ মক্তবের শিক্ষার্থী ওই শিশুকে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নিয়ে যান শিক্ষক সাইফুল। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেন। পরে শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ ধর্ষণের অপরাধে হাফেজ সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকরাম হোসেন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবদুল্লাহ।

আসমাউল আসিফ, জামালপুর