বাকৃবিতে মোরগ লড়াই শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই বছর পর ফের মোরগ লড়াই শুরু হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ সামসুল হক হলের মাঠে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর মোরগ লড়াইয়ের উদ্বোধন করেন। ময়মনসিংহ শহর ও বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার বাসিন্দারা তাদের যোদ্ধা মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। আজ মোড়গ লড়াই দেখতে অনেক মানুষ বিশ্ববিদ্যালয়ে ভিড় জমায়।
আয়োজকরা জানান, সপ্তাহে একদিন করে ছয় রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ৭০ পর্বে ১৪০টি টিম অংশ নেবে। ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের মাঝে মোটরবাইক, ফ্রিজ ও এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হবে।
এ প্রতিযোগিতার আয়োজন করে লিটন নার্সারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের কাইয়ুম, সাংগাঠনিক সম্পাদক মো. রমিজ উদ্দিন, প্রচার সম্পাদক মো শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর বলেন, প্রযুক্তিনির্ভর বিনোদনের ভিড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো আজ বিলুপ্তির পথে। তাই হারিয়ে যাওয়া গ্রামীণ ও দেশিয় খেলা আবারো ফিরিয়ে আনতে হবে। আগামীতে বাকৃবির উদ্যোগে ভেড়ার লড়াই আয়োজন করা হবে বলেও জানান তিনি।

আইয়ুব আলী, ময়মনসিংহ