খেলতে গিয়ে দুই শিশু নিখোঁজ, নারী আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর এলাকায় খেলতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক নারীকে আটক করেছে।
নিখোঁজ দুই শিশু হলো- সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহা। মেঘলা প্রথম শ্রেণি ও মালিহা নার্সারিতে পড়ে।
পরিবার ও পুলিশ জানিয়েছে, গতকাল রোববার দুপুরে ফতেপুর গ্রামের মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আবদুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা স্থানীয় কিন্ডারগার্টেন স্কুল ছোটমণি বিদ্যানিকেতন থেকে ফিরে বাড়ির বাইরে খেলতে যায়। এর পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই এলাকা থেকে গীতা রানী নামে একজনকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গিতা রানী পুলিশের কাছে অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কয়েক জায়গায় অভিযানও চালিয়েছে পুলিশ। তবে শিশুদের উদ্ধার করা যায়নি।
রাত দেড়টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ওসি।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ