বাসের ধাক্কায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালকের স্বীকারোক্তি
রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী সাদিয়া হাসানকে চাপা দেওয়া বাসচালক রোকনউদ্দিন রিয়াজ আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিয়াজকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে চালক জবানবন্দি দেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম গোলাম নবী চালককে জিজ্ঞাসাবাদে জন্য একদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
গত রোববার রাতে রিয়াজকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, গত শনিবার সকালে সাদিয়া ও তাঁর মা রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর আসেন।
সেখান থেকে দুজন অটোরিকশায় করে কলেজ হোস্টেলে যাচ্ছিলেন। পথে বংশাল থানার নর্থ সাউথ রোড এলাকায় তাঁদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয় একটি বাস।
এতে সাদিয়া মারা যান আর তাঁর মা গুরুতর আহত হন। সাদিয়া ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আদালত প্রতিবেদক