রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে জানান, দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল এমদাদুলকে গ্রেপ্তার করে।
পিআরও আরো জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি জ্ঞাত আয়বহির্ভূত ৮৭ লাখ ৫৪০ টাকা সমমূল্যের সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ১৮ লাখ ৫৭১ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
গত ২৩ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. সাহিদুজ্জামান বাদী হয়ে এমদাদুলের বিরুদ্ধে এই মামলাটি করেন।

আদালত প্রতিবেদক