বগুড়ায় বাস খাদে, নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইরফান খান জানান, সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ সাফা পরিবহনের রাসেল-রাব্বী নামে একটি বাস চান্দাইকোনা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় বাসের ১৬ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। লাশগুলো শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া