রডবোঝাই লরির পেছনে বাসের ধাক্কা, নিহত ১, আহত ১০
কুমিল্লার দাউদকান্দিতে রডবোঝাই লরিকে পেছন দিকে ধাক্কা দেওয়ায় দুমড়েমুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাসের সামনের অংশ। এ সময় ঘটনাস্থলেই রডবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক বাসযাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাস গাজীপুর এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী রডবোঝাই একটি লরিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের কাচ ভেঙে রড ভেতরে ঢুকে যায়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ সময় ঘটনাস্থলেই রডবিদ্ধ হয়ে এক যাত্রী নিহত হন। এ ছাড়া আহত হন আরো ১০ যাত্রী। তাঁদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান ওসি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা