‘অন্য কোনো সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ সব বিচারপতি মুখ খুলতে বাধ্য হয়েছেন। অন্য কোনো সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করে চলে যেত।’
আজ সোমবার চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মুক্তির প্রত্যাশায় আছে বাংলাদেশের মানুষ। যারা সেটাকে বাধাগ্রস্ত করবে তারা নিজেরা বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।’
আমীর খসরু বলেন, ‘একটি স্বৈরাচার ও অত্যাচারী সরকারের অধীনে বসবাস করছি। কারণ এ রায়ের পর এ সরকার একদিনও থাকার কথা নয়। তাদের পদত্যাগ করা উচিত।’
মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান শামীম, নগর কমিটির সহসভাপতি নেতা আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম