দুই মামলায় আমীর খসরুর জামিন বহাল
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতা, উসকানি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আবেদন খারিজ করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত ৪ আগস্ট চট্টগ্রামে কোতোয়ালি থানায় নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন [সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা] এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পরে ঢাকায়ও গত ৫ আগস্ট মামলা করা হয়।
গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে উল্লেখ করা হয় মামলায়।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় আমীর খসরুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এ ছাড়া ৫ আগস্ট পুলিশ বাদী হয়ে একই অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা করে। এ মামলা দুটিতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে গত ২৭ আগস্ট হাইকোর্ট চট্টগ্রামের মামলায় ছয় সপ্তাহ এবং ঢাকার মামলায় সাত সপ্তাহের আগাম জামিন দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক দুটি আবেদন জানান। আজ আবেদন দুটি খারিজ করেন আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক