আপন চাচা ও মামার লোভের শিকার শিশু জুয়েল!
নাটোরের সিংড়ায় শিশু জুয়েল হত্যার রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। নিহত জুয়েলের আপন চাচা মনি ও মামা হিরাকে গ্রেপ্তার করেছে তারা। মূলত জুয়েলকে জিম্মি করে জমি বিক্রির টাকা হাতাতে তাকে হত্যা করা হয়।
আজ শনিবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন।
পুলিশের ভাষ্যমতে, সিংড়া উপজেলার কুমগ্রামের নিহত শিশু জুয়েলের বাবা মুক্তার সরকার প্রায় সাড়ে তিন লাখ টাকায় জমি বিক্রি করেন। ভাইয়ের কাছ থেকে সেই টাকা হাতানোর জন্য গত ২৬ অক্টোবর আপন ভাতিজা জুয়েলকে অপহরণ করেন চাচা মনি সরকার। সঙ্গে ছিলেন জুয়েলের মামা হিরা। তারা জুয়েলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শ্বাস বন্ধ হয়ে মারা যায় সে। পরে লাশটি গ্রামের একটি ডোবায় কচুরিপানা দিয়ে চাপা দিয়ে রাখেন তারা। দুইদিন পর রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় দ্বিজেন নামের একজনকে আটকের পর বেরিয়ে আসে সব তথ্য।
নিহত শিশুর মামা ও চাচা এই হত্যায় তাদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

হালিম খান, নাটোর