জয়পুরহাটে পিস্তল, গুলিসহ একজন আটক
জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলিসহ তাজমুল হুদা ওরফে রিপন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোনের সেট ও ৬০০ টাকা পাওয়া যায়।
আজ শুক্রবার ভোর রাতে রিপনকে আটক করা হয়। রিপনের বাড়ি জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লায়।
র্যাব সূত্রে জানা গেছে, অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন অপরিচিত ব্যক্তি সদর উপজেলার জামালপুর গ্রামে অবস্থান করছে-খবর পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার ভোর রাতে ওই গ্রামে অভিযান চালায়। তারা আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য জিনিসসহ রিপনকে হাতেনাতে আটক করে। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা অন্ধকারে পালিয়ে যায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে জয়পুরহাট, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য সরবরাহকারী হিসেবে কাজ করে আসছিল।
রিপনের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় এ ধরনের কয়েকটি মামলা রয়েছে। তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার জয়পুরহাট থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট