আখচাষি পরিবারের শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান
আখচাষি পরিবারের ২৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে আড়াই লাখেরও বেশি টাকার বৃত্তি দিয়েছে দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিল কর্তৃপক্ষ। কারখানার উন্নয়ন তহবিল বা ‘সুগার সেচ’ থেকে এ সহায়তা পেয়েছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার আখ মাড়াই শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আখচাষি সমাবেশ ও চিনিকল নিয়ন্ত্রণাধীন আখচাষি পরিবারের সন্তানদের এ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। জয়পুরহাট সুগার মিলস অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে এককালীন এক হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। এ উন্নয়ন তহবিল থেকে নিয়মিত কারখানা সংলগ্ন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য সংক্রান্ত কাজে ব্যয় করে কারখানা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ডিজিএম জাহেদ আলী আনছারী, চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট