আশুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলীর (৪৪) বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে হবিগঞ্জ শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন (৪৫) ও শাহীনের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন হবিগঞ্জের ফজলু (৩৬), বাবু রহমান (৩৫), ফয়সল (২৮), তরিকুল ইসলাম হারুনের মেয়ে প্রকৃতি (১২), এরশাদ (২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গিয়াস উদ্দিন (২২)। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল বিআরটিসির একটি যাত্রীবাহী বাস। পথে সোনারামপুর এলাকায় আশুগঞ্জ থানার সামনে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, দুর্ঘটনায় কমপক্ষে দুটি বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় জনগণ আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ডে-নাইট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলীর মৃত্যু হয়।

আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ