পাঁচ শিল্পীকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি।
আজ শুক্রবার বিকেলে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ‘ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৪’ দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগীত, আলোকচিত্র, যন্ত্রসংগীত, লোকসংস্কৃতি ও যাত্রাশিল্প- এই পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন সংগীতে সন্ধ্যা রায়, আলোকচিত্রশিল্পে মানিক লাল বণিক, যন্ত্রসংগীতে মো. শামসুদ্দিন খান, লোকসংস্কৃতিতে দুর্গাচরণ দাস ও যাত্রাশিল্পে চন্দ্রা রানী দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭১ সালের রাজাকারদের প্রেতাত্মারাই ব্রাহ্মণবাড়িয়ায় জঘন্য ধ্বংসলীলা চালায়।’ তিনি আরো বলেন, ‘কোনো উসকানি ছাড়াই যারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে, তাদেরকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করব। এখনো পর্যন্ত পাকিস্তানি ভাবাদর্শ যারা ধারণ করে, তারাই জাতীয় সম্পদ রেলে হাত দিয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া