তুরাগে চারদিন ধরে নষ্ট হচ্ছে তিতাসের গ্যাস
বালুবোঝাই ট্রলারের আঘাতে ঢাকার সাভারে তুরাগ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ চারদিনেও ঠিক করা হয়নি। আজ বুধবারও ওই পাইপ দিয়ে অবিরত গ্যাস বের হয়। এ কারণে আশপাশের ১৫টি গ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে।
গত রোববার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও পুলিশ টাউনের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত তুরাগ নদের নিচে পানির তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের সঞ্চালন পাইপে ট্রলারের ঘর্ষণে ফাটল দেখা দেয়।তার পর থেকে পানি উঠলে তীব্র গতিতে গ্যাস নির্গত হচ্ছে। এ ঘটনার খবর পেয়ে সাভার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে এসে দুর্ঘটনা এড়াতে সংশিষ্ট বিষয়ে বিশেষ অভিজ্ঞ একটি দলকে খবর দিলে গাজীপুর থেকে একটি দল গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তাঁরা ফেটে যাওয়া পাইপ মেরামত করে গ্যাস বের হওয়া বন্ধ করতে পারেননি।
এদিকে এই ঘটনায় আজ বুধবার সকাল থেকে ওই নদের পাশে মাটি খুঁড়ে ফেটে যাওয়া পাইপটি খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিতাস গ্যাস অফিসের শ্রমিকরা। কিন্তু পাইপটি খুঁজে বের করা সম্ভব হয়নি। ফলে যথাসময়ে পাইপটি মেরামত না করায় ওই নদী দিয়ে সব ধরনের ট্রলার বা নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বেশ কয়েকটি বালুবাহী ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান আটকে পড়ে আছে। এ ঘটনায় রাজফুলবাড়িয়া, কালীনগর, ব্যাংক টাউন, উলাইলসহ আশপাশের ১৫টি গ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) শফিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘নদের পানি কমে যাওয়ায় ট্রলারের সাথে গ্যাস পাইপের ঘর্ষণে পাইপে ফাটল ধরার কারণে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানটিকে ঘিরে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।’ এ মেরামতকাজ শেষ করতে আরো দুই থেকে তিনদিন সময় লাগবে বলে তিনি ধারণা করছেন।

জাহিদুর রহমান