ব্রাহ্মণবাড়িয়াকাণ্ডে আরো ৫ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শহরের কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের শিমরাইল কান্দির মহল্লার বাসিন্দা সুমন (৩২), কান্দিপাড়ার নূর সৈয়দ (৩২), লিটন (৩০), জিয়াউল (১৯) ও ঘাটুরা এলাকার নয়ন সরকার (১৯)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কান্দিপাড়া খালপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশি তৈরি রামদা, লোহার রডসহ পাঁচজনকে আটক করা হয়।
ভিডিও ফুটেজ দেখে তৈরি করা আসামির তালিকায় এ পাঁচজনের নাম রয়েছে বলেও দাবি করেন ওসি।
এর আগে গত ১৭ ও ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ চারজন এবং ২০ জানুয়ারি আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১১ জানুয়ারি সহিংসতায় শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) ছাত্র হাফেজ মাসুদুর রহমান নিহত হন। এ ঘটনায় ১২ জানুয়ারি পর্যন্ত মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষুব্ধ মাদ্রাসাছাত্ররা রেলস্টেশন ভাঙচুর, অগ্নিসংযোগ, উপমহাদেশের সুরসাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্ন তছনছ করে।
এ ব্যাপারে সদর মডেল থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আট সহস্রাধিক লোককে আসামি করা হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া