স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি
ঢাকার সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার রাতে সাভারের আশুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।
এলাকাবাসী জানায়, গতকাল রাতে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী পাশের গ্রামের খালাতো ভাইয়ের বাড়ি থেকে নিজ বাসার উদ্দেশে রওনা দেয়। এ সময় গ্রামের একটি পথ থেকে শিশুটিকে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে একই এলাকার বখাটে সুজন। শিশুটি সুজনের হাতে কামড় দিয়ে পালিয়ে এসে বিষয়টি মা-বাবাকে জানায়।
এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সুজনকে আটক করে পিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ধর্ষণ মামলার আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জাহিদুর রহমান