কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত দুজন হলেন—আকাউদ্দিন হিয়া (৪৫) ও লিয়াকত আলী (৪০)। তাঁদের মধ্যে আকাউদ্দিন হিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মৃত্তিকাপাড়া গ্রামের প্রয়াত আনছার শেখের ছেলে। আর লিয়াকত আলী একই গ্রামের জলিল শেখের ছেলে।
র্যাবের দাবি, নিহত দুজন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য। তাঁদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার বন্দুক ও ১২টি গুলি উদ্ধার হয়েছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বুধবার গভীর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে স্বস্তিপুর গ্রামের ডান পাশে একটি বাঁশবাগানে বসে নাশকতা সৃষ্টি করতে চরমপন্থীরা গোপন বৈঠক করছে বলে খবর পাওয়া যায়। রাত সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল সেখানে যায়। ওই সময় চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে আকাউদ্দিন হিয়া ও লিয়াকত আলী নিহত হন।
র্যাবের ওই কর্মকর্তা জানান, নিহত দুজন হত্যাসহ একাধিক মামলার আসামি। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া