কালাই থানা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবি
জয়পুরহাটে কালাই থানা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবি করেছে ওই এলাকার বিএনপি নেতাদের একাংশ। ওই নেতারা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছে।
আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা বিএনপির সভার সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ঐক্য নষ্ট করে দলকে ধ্বংস করার উদ্দেশ্যে এ দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে ওই অবৈধ কমিটি প্রত্যাখ্যান করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কালাই থানা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
একই দাবিতে গত ৯ ফেব্রুয়ারি কালাইয়ে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কালাই বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট