জ্ঞানের বিকাশ দিয়েও উন্নয়ন সম্ভব : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় অগ্রগতি শুধু অর্থনৈতিক বিকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, জ্ঞানের বিকাশ দিয়েও উন্নয়ন সম্ভব।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কার্যালয়ে ‘বঙ্গীয় গ্রন্থ জাদুঘর’-এর উদ্বোধন করেন মুহিত। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জ্ঞান আহরণের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অগ্রসর বিক্রমপুর ফউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহু-উল-আলম লেনিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফজলে আজীম, অতিরিক্ত পুলিশ সুপার হালিম হোসেন, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ।
উদ্বোধনের পর অতিথিরা জাদুঘরে প্রদর্শিত বই দেখেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতারের বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ