ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত যুবকের লাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বাংলা একাডেমির কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ৩০ হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি।’

অনলাইন ডেস্ক