হাওরের শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানবিজ্ঞানের চাষাবাদ হচ্ছে
জাতীয় পার্টির (জাপা) ভাইস-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) জিয়াউল হক মৃধা বলেছেন, দেশের প্রত্যন্ত হাওর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানবিজ্ঞানের চাষাবাদ হচ্ছে। হাওরাঞ্চলে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা জ্ঞানবিজ্ঞান চাষাবাদের সোনালি ফসল।
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইলে উকিল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৃধা এসব কথা বলেন।
জাপার ভাইস-চেয়ারম্যান বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হতে হবে। বিত্তবান হওয়া, মন্ত্রী-এমপি হওয়া বড় কথা নয়, বড় কথা হলো সত্যিকারের মানুষ হওয়া।
কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উকিল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া