জয়পুরহাটে ঝড়ে ইটভাটার ব্যাপক ক্ষতি
জয়পুরহাটের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ ঝড়ে ইটভাটার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। তাঁদের দাবি, হঠাৎ ঝড়-বৃষ্টিতে জেলার ৩৮টি ইটভাটার প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পাঁচ উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টি। বৃষ্টি ধান ও পাট চাষের জন্য উপকার বয়ে নিয়ে এসেছে। তবে ইটভাটার ক্ষতি করেছে।
জয়পুরহাট জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, ব্যাপক বৃষ্টিপাতে প্রায় সবকটি ইটভাটায় পানি জমে গেছে। ফলে রোদে শুকিয়ে চুল্লিতে পোড়ানোর জন্য রাখা ইট পানিতে নষ্ট হয়ে গেছে।
মোজাহার আলী প্রধান দাবি করেন, প্রতিটি ইটভাটার কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের পর নষ্ট হয়ে যাওয়া ইট সরিয়ে পুনরায় ইট তৈরির জন্য মাঠ প্রস্তুত করতে এক সপ্তাহের বেশি সময় লেগে যাবে।
এতে দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকরা কাজহারা বলে মনে করেন ইটভাটা মালিক সমিতির সভাপতি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট