বিয়ের তিনদিন পর নিজ ঘরে যুবকের লাশ
জয়পুরহাটের ক্ষেতলালের গোলাহার গ্রামে নিজ ঘর থেকে সদ্য বিবাহিত এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত যুবকের নাম দুলাল হোসেন (২৯)। এটা হত্যা নাকি আত্মহত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পরিবারের সদস্যরা বলেছেন, দুলাল আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী জানায়, মাত্র তিন দিন আগে (৪ এপ্রিল) একই গ্রামের পপি আকতার নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের সঙ্গে দুলালের বিয়ে হয়েছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে দুলাল হোসেন তাঁর ঘরে ঢোকেন। এর কয়েক মিনিট পর ছেলে দুলাল জুমার নামাজ পড়তে যাবে কি না তা খোঁজ নিতে যান তাঁর মা। ঘরে ঢুকে তিনি ছেলের গলা কাটা লাশ দেখতে পান।
ওসি জানান, ঘটনাস্থলে একটি ধারালো ক্ষুর পাওয়া গেছে। ঘটনার সময় ওই বাড়িতে দুলাল ও তাঁর মা ছাড়া আর কেউ ছিলেন না। ময়নাতদন্তের জন্য লাশ ক্ষেতলাল থানায় নেওয়া হয়েছে।
দুলালের মা জরিনা বেগম বলেছেন, তাঁর ছেলে আত্মহত্যা করেছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট