ডিনস অ্যাওয়ার্ড পেলেন ড. মিজানুর রহমান ও ড. সৈয়দ রাসেল
গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের দুজন শিক্ষক ‘ডিনস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় অনুষদের সভাকক্ষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন।
অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ রাসেল কবির।
ড. মিজানুর রহমান ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে এবং কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে অধ্যাপক সৈয়দ রাসেল কবির এই পুরস্কার লাভ করেন। ড. রহমান বৈশ্বিক স্বাস্থ্যনীতি এবং ড. কবির ক্যানসার প্রতিরোধী ঔষধ ও প্রোটিন বায়োকেমিস্ট্রি বিষয়ে গবেষণা করেন।
অনুষ্ঠানে উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার উচ্চপীঠ। এখানে যেমন গবেষণা ও পঠন-পাঠনের মাধ্যমে জ্ঞান সৃজন হয় তেমনি জ্ঞান বিতরণও করা হয়। গবেষণাকর্মের স্বীকৃতিতে যাঁরা ডিনস অ্যাওয়ার্ড পেলেন তাঁরা শুধু নিজেরাই সম্মানিত হননি, এই বিশ্ববিদ্যালয়কেও সম্মানিত করেছেন, অন্যদেরও গবেষণায় উৎসাহিত করলেন।’ আগামীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদেও এ ধরনের পুরস্কার ও স্বীকৃতির প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক সুব্রত মজুমদার। সেখানে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর পক্ষে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. ওয়াজেদ আলী প্রামাণিক বক্তব্য দেন।

রাবি সংবাদদাতা